অনন্য কোরআনের বাণী |মাওলানা সেলিম হোসাইন আজাদী

মাওলানা সেলিম হোসাইন আজাদী | সোমবার, ০৯ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 600 বার

অনন্য কোরআনের বাণী |মাওলানা সেলিম হোসাইন আজাদী

‘সত্য জানা আর সত্যের ওপর ইমান এনে সত্যকে বিশ্বাস করা কখনো এক নয়। তোমরা সত্যকে জান। কিন্তু সব সময় সত্যকে বিশ্বাস কর না।’ এক নিঃশ্বাসে কথাগুলো বললেন সৈয়দ রশিদ আহমদ জৈনপুরী। হুজুরের কথা পুরোপুরি বুঝতে পারেনি ভক্ত আমিন। মাথা চুলকাতে চুলকাতে প্রশ্ন করল, ‘হুজুর! আপনার কথাটি ঠিক বুঝতে পারলাম না। জানা এবং বিশ্বাসের মধ্যে তফাত কী? জানা মানেই তো বিশ্বাস করা হয়। যেমন আমরা জানি আল্লাহ আছেন। আবার বিশ্বাসও করি। কোনো পার্থক্য তো দেখছি না।’ মুচকি হেসে আল্লাহর ওই অলি বললেন, ‘সত্য জানলেই ওই সত্য বিশ্বাস করা হয় না বাবা। আমরা জানি আল্লাহ আছেন। কিন্তু এ কথাটি মনের গভীরে বিশ্বাসের মাটিতে সবাই রুয়ে দিতে পারে না। হাদিস শরিফ থেকে একটি উদাহরণ দিই। নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা খুন-খারাবি, ঝগড়া-ফ্যাসাদ থেকে বেঁচে থাকবে।’ এটা আমরা জানলাম। কিন্তু বিশ্বাস করেছি কি? যদি বিশ্বাসই করতাম তবে কোনো মুসলমানের পক্ষেই সম্ভব হতো না ঝগড়া-ফ্যাসাদ, খুন-খারাবি করে সুন্দর এই পৃথিবীকে রক্তের নদী করে ফেলা।’ মাওলানা রশিদ আহমদ জৈনপুরী হুজুরের সঙ্গে

আমি আরেকটু যোগ করতে চাই। সত্য জানা আর বিশ্বাসের পার্থক্যটা ঠিক এরকম—আমরা জানি আগুন আমাদের জ্বালিয়ে দেবে। এটা আমাদের সত্য জানা। আর সত্যকে বিশ্বাস হলো, আমরা স্বেচ্ছায়-সজ্ঞানে কখনোই আগুনে হাত দিই না। সব সময় আগুন থেকে নিরাপদ দূরত্ব রেখে চলি। কারণ, আগুন আমাদের জ্বালিয়ে দেবে। এই যে, আগুন সম্পর্কে আমাদের জানা কথাটা মেনে চলি এটাই সত্যকে বিশ্বাসের পরিণত করা বলে। আমরা জানি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনি সবকিছু দেখেন। একদিন তার সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঠিক হিসাব দিতে হবে। এ কথাটা আমরা সবাই জানি। বিশ্বাস শুধু তারাই করে, যারা খোদার সামনে দাঁড়ানোকে ভয় করে জীবনের প্রতিটি মুহূর্তে খোদার দেখানো পথে চলে। যে মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তার পক্ষে কি সম্ভব স্বেচ্ছায় সজ্ঞানে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়া? সম্ভব নয়। সত্যকে শুধু মুখে উচ্চারণ করলেই হবে না। কাজে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে, আমিও একজন সত্য বিশ্বাসী। সাচ্চা মোমিন। সে কথাই বলছেন পরম প্রভু তার প্রেমগ্রন্থ কোরআনে— ‘আহাসিবাননাস! আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ওয়ালাহুম লা ইয়ুফতানুন। মানুষ কি মনে করে, তারা বলবে ‘আমরা সত্যকে জেনেছি, সত্যকে বিশ্বাস করেছি’—এতটুকু মুখের কথায় আমি তাদের ছেড়ে দেব? তাদের পুরো জীবন খতিয়ে দেখা হবে না মুখের কথার সঙ্গে তাদের লাইফস্টাইল কতটুকু মিল আছে? যে সত্যকে তারা জেনেছে সে সত্যকে তারা বিশ্বাস করেছে কিনা অবশ্যই আমি তা যাচাই-বাছাই করে দেখব।’ ওয়ালাকদ ফাতান্নাল্লাজিনা মিন কাবলিহিম ফালায়া লামান্না হুল্লাজিনা সাদাকু ওয়ালায়ালান্নাল কাজিবিন। তোমাদের আগেও যারা সত্যকে বিশ্বাস করার দাবি করেছে, তাদের প্রত্যেককেই আমি পরীক্ষা করেছি। তোমাদেরও পরীক্ষা করে দেখব, কে সত্য বলেছ, আর কে মিথ্যা বিশ্বাসের দাবি করেছ (সূরা আনকাবুত-২-৩)। কোরআন-সুন্নাহর প্রতিটি বিষয় বাস্তব জীবনে চর্চার মাধ্যমে আমরা আমাদের ইমান-বিশ্বাসকে পূর্ণতার স্তরে নিয়ে যেতে পারব। শুধু জানার মাধ্যমেই ধর্ম পালন হয় না। ধর্ম পালন হয় মানার মাধ্যমে। যা জেনেছি, তা যদি বাস্তবজীবনে অনুশীলন করতে না পারি, তাহলে তা আমাদের জন্য, আমাদের ইমানের জন্য বড় লোকসানের কারণ হয়ে দাঁড়াবে একদিন। আজকের মুসলিম বিশ্ব জানা থেকে তো অনেক আগেই দূরে সরে গেছে, তারা এখন মানা থেকেও দূরে সরে পড়ছে হায়! তাই তো আজ মুসলমানের জীবনে এত লাঞ্ছনা-গঞ্জনা গড়াগড়ি খাচ্ছে। হে আল্লাহ! আপনি আমাদের বিশ্বাসীদের দলে ভিড়িয়ে দিন।

লেখক : বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

লেখাটি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ হয়েছে দেখতে  চাইলে এখানে ক্লিক করুন…..

মন্তব্য...

comments

কে. আর প্লাজা (১২ তলা) ৩১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০২-৯৫১৫৬৪৬, মোবাইল: ০১৭১৮৭৭৮২৩৮, ০১৯৬৫৬১৮৯৪৭
ইমেইল- mawlanaselimhossainazadi1985@gmail.com
ওয়ের সাইট: selimazadi.com