ইমান তাজা হয় যেসব কথায়|মাওলানা সেলিম হোসাইন আজাদী

মাওলানা সেলিম হোসাইন আজাদী | বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 551 বার

ইমান তাজা হয় যেসব কথায়|মাওলানা সেলিম হোসাইন আজাদী

প্রতিদিন আমরা কত কথাই বলি। ভালোর চেয়ে মন্দই হয়তো বেশি বলি। অল্প কজন আছে মন্দের চেয়ে ভালো বেশি বলে। মন্দ কথায় মানুষ কষ্ট পায়। ইমান নষ্ট হয়। ভালো কথায় মানুষের মনে আনন্দের ফুল ফোটে। কষ্ট দূর হয়ে হাসির মুক্তো ঝরে। কথায় মানুষকে বশ করা যায়। আবার কথা দিয়েই মানুষের মনে তীব্র আঘাত করা যায়। একটি সুন্দর হৃদয় কথার কাঁটা দিয়েই ছিঁড়ে ফেলা যায় খুব সহজে। আরবি প্রবাদ আছে, ‘অস্ত্রের আঘাতের চেয়ে কথার আঘাত বেশি ভয়ঙ্কর।’ অস্ত্রের আঘাতের ব্যথা একসময় মিলিয়ে যায়।  কিন্তু কথার আঘাতের ব্যথা আজীবন হৃদয়ে তুষের আগুনের মতো জ্বলতে থাকে। তাই তো রসুলুল্লাহ (সা.) কত চমৎকার কথা বলেছেন, ‘কেউ যদি কথা বলতে চায়, সে যেন ভালো কথাই বলে। নয় তো চুপ থাকে।’

বলছিলাম, ‘কথা’ নিয়ে। ভালো ও মন্দ কথা নিয়ে। এখন শুনব শ্রেষ্ঠ কথা সম্পর্কে। বলবেন স্বয়ং আল্লাহতায়ালা। আল্লাহর কথা শুনব। তিনি বলবেন, শ্রেষ্ঠ ‘কথক’ সম্পর্কে। তাই আমাদের হৃদয়ের কান আরেকটু সজাগ করতে হবে। প্রেম ঢেলে শুনতে হবে প্রভুর কথা। ইরশাদ হচ্ছে, ‘কথায় তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে। ভালো কাজ করে। আর বলে আমি শান্তিপ্রিয় মানুষদের একজন।’

সুবহানাল্লাহ! আল্লাহতায়ালা শ্রেষ্ঠ কথকের পরিচয় দিয়েছেন। এ ক্ষেত্রে ব্যক্তির নাম-ধাম, যশ-খ্যাতি, সম্পদ-সম্পত্তির কোনো বাচবিচার তিনি করেননি। শুধু তিনটি গুণের কথা বলেছেন। এ তিনটি গুণ যার মাঝে থাকবে সেই হবে শ্রেষ্ঠ কথক। একই সঙ্গে শ্রেষ্ঠ মানুষও। ভালো মানুষ যেমন ভালো কথা বলে, তেমন শ্রেষ্ঠ মানুষও শ্রেষ্ঠ কথাই বলবে— এটাই স্বাভাবিক ও সহজ কথা।

শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য তিনটি গুণ লাগবে। প্রথম গুণ হলো দাওয়াত। কথার দাওয়াত। দ্বিতীয় গুণ হলো কাজের দাওয়াত। আমার কথা যেমন আল্লাহর জন্য হবে, একইভাবে আমার কাজগুলোও কোরআনের কাজ হবে। কথায় বলব, এসো ভাই নামাজ পড়। আমি নিজেও নামাজ পড়ে মানুষকে দেখিয়ে দেব— আমার কথা যেমন আল্লাহর ছিল, শ্রেষ্ঠ কথা ছিল, আমার কাজও আল্লাহরই কাজ, শ্রেষ্ঠ কাজ। আমি যখন বলব, ভাই! ওজনে কম দিও না। আমি নিজেও সঠিক ওজন করে মানুষকে দেখিয়ে দেব, আমিও শ্রেষ্ঠ মানুষ। আমি যখন বলব, ভাই! অন্যায় থেকে খারাপ থেকে বেঁচে থাকো। আমি নিজেও অন্যায় থেকে বেঁচে থেকে প্রমাণ করব, আমার কথা যেমন শ্রেষ্ঠ, আমার কাজও শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ মানুষদেরই একজন।

কথা ও কাজে শ্রেষ্ঠ হওয়ার পর তৃতীয় গুণটি অর্জন করতে হবে। মানুষকে বলতে হবে, ‘আমি শান্তিপ্রিয় দলের একজন সদস্য।’ এ কথা যখন আপনি প্রচার করবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার মাধ্যমে অশান্তি সৃষ্টি হয়, নৈরাজ্য সৃষ্টি হয় এমন কোনো কাজ হতে পারবে না। আপনি যখনই অশান্তির কাজে পা বাড়াবেন, দেখবেন হাজারো মানুষ আপনার দিকে তাকিয়ে। যাদের আপনি বলেছিলেন আমি শান্তিপ্রিয় দলের একজন সদস্য। তখন আপনি ভিতর থেকেই নিজেকে গুটিয়ে নেবেন। ভাববেন, হায়রে! আমি বলেছি, আমি শান্তিসংঘ ইসলামের সদস্য। আমার কথায়-কাজে তা প্রমাণও করেছি। মানুষকেও তা জানিয়ে দিয়েছি। এখন কীভাবে আমি এই অশান্তির কাজে এগিয়ে যাই। এভাবেই দাওয়াতের মেহনত আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে সাহায্য করবে। সাহায্য করবে সফল মানুষ হতে। ভাবতে পারেন, কোরআনের একটি আয়াতের শক্তি কত প্রচণ্ড? কীভাবে একজন মানুষের ভিতর-বাহির সংশোধন করে তাকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দেয়! তাই আসুন! আমাদের জীবন নামক রুক্ষ মাঠে কোরআনের চাষাবাদ করি। দাওয়াতের মেহনত করে গড়ে তুলি ফুলের বাগান। তখন আমাদের কথা যেমন হবে সৌরভমাখা, আমাদের আচরণও হবে গৌরবগাথা।

মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের চাষি হিসেবে কবুল করুন।  দাওয়াতের মেহনতের মাধ্যমে আমাদের সবাইকে সফল মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক আল্লাহ আমাদের দান করুন।

লেখক : বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

www.selimazadi.com

লেখাটি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ হয়েছে দেখতে  চাইলে এখানে ক্লিক করুন…..

মন্তব্য...

comments

কে. আর প্লাজা (১২ তলা) ৩১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০২-৯৫১৫৬৪৬, মোবাইল: ০১৭১৮৭৭৮২৩৮, ০১৯৬৫৬১৮৯৪৭
ইমেইল- mawlanaselimhossainazadi1985@gmail.com
ওয়ের সাইট: selimazadi.com