ধূসর এক মরীচিকার পেছনে ছুটে চলা
মাওলানা সেলিম হোসাইন আজাদী
আজকে টাকার গরমে, ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করছি। একটিবারও ভাবছি না আমার চেয়ে কত বেশি টাকাওয়ালা ছিল কারুন, কত বেশি ক্ষমতাধর ছিল নমরুদ, ফেরাউন। কত বেশি জ্ঞানী ছিল কবরের দেশে চলে যাওয়া মানুষগুলো। টাকার মায়া, ক্ষমতার অহংকার আর ইলমের বাহাদুরি তাদেরও ছিল। দুনিয়াজুড়ে তারাও খ্যাতি লাভ করেছিল। পৃথিবীর এ প্রান্তে ও প্রান্তে এক বাক্যে মানুষ তাদের চিনত। হায় আফসোস! আজ তাদের কবরের চিহ্নটুকু পর্যন্ত নেই। একদিন আমার ওপরও এমন একটি সময় আসবে। অন্ধকার কবর দেশে অসহায়-এতিমের মতো আমি পড়ে থাকব। আমার কবরের ওপর গরু ঘাস খাবে, ছাগল বসে থাকবে। কুকুর দৌড়াবে; কিন্তু হায়! একটি পোকা তাড়ানোর ক্ষমতাও আমার সে দিন থাকবে না।
আজ আপনার রক্ত গরম। ক্ষমতা বেশি। আপনার আগে কেউ চলে গেলে, আপনার কথার ওপর কথা বললে, হুঙ্কার দিয়ে ওঠেন। হে আল্লাহর বান্দা, মনে করে দেখুন, এমন একদিন ছিল, আপনি কথাও বলতে পারতেন না। আবার একদিন আসবে আপনি কথা শুনবেন; কিন্তু জবার দিতে পাববেন না। মহান রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা মরিয়মের ৯৩ নম্বর আয়াতে বলেছেন, মহাকাশ ও পৃথিবীর মধ্যে এমন কেউ নেই, যে দয়াময়ের কাছে দাস হিসেবে হাজির হবেন না। ৯৫ নম্বর আয়াতে বলেন, আর মহাবিচার দিবসে সবাই একাকীই হাজির হবে তার কাছে। সুতরাং সেই দিনের কথা একটু কি ভাবা উচিত নয়। নবী-রসুলগণ আমাদের দেখিয়ে গেছেন দুনিয়ার চেয়ে পরকালকে কীভাবে গুরুত্ব দিতে হবে। আয়েশা (রা.) বলেন, ‘মুহাম্মদ (সা.)-এর পরিবারবর্গের ওপর কখনো কখনো এক মাস অতিক্রান্ত হয়ে যেত, অথচ কোনো রুটি বানানো হতো না।’ বর্ণনাকারী বলেন, আমি বললাম, ‘হে উম্মুল মুমিনীন! তাহলে রসুল (সা.) কী খেয়ে থাকতেন?’ তিনি জবাব দিলেন, ‘আমাদের প্রতিবেশী ছিল কতিপয় আনসার-আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দিন, তাঁরা রসুল (সা.)-কে কিছু দুধ উপহার দিতেন।’ (মুসলিম-২৯৭২/১৮)
আল্লাহ ইউনুস (আ.) সম্পর্কে বলেন, বিপুল অন্ধকারের মধ্যে সে (আল্লাহকে) ডাকল… (সূরা আল-আম্বিয়া ৮৭) এর ব্যাখ্যায় সালিম ইবনু আবিল জা’দ (রহ.) বলেন, আল্লাহ তিমিকে নির্দেশনা দিয়েছিলেন, তুমি তার হাড় ও মাংসের কোনো ক্ষতিসাধন করবে না। কিছুক্ষণ পর সেই তিমিকে আরেকটি তিমি গিলে ফেলে। ইউনুস (আ.) ঘোর অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকতে থাকেন; ঘোর অন্ধকার হলো- (প্রথম) তিমির অন্ধকার, (তার ওপর) আরেক তিমির অন্ধকার ও (সর্বোপরি) সাগরের অন্ধকার। আল-ফাতহুর রব্বানি, ২০/৮১ তে এসেছে ‘ইউনুস (আ.) তিমির পেটে চল্লিশ দিন ছিলেন, এই সময়ে তিনি আল্লাহকে ভোলেননি। সাবিত (রহ.) বলেন, দিবারাত্রির সময়কে দাউদ (আ.) তাঁর পরিবারের লোকদের মধ্যে বণ্টন করে দিয়েছিলেন; ফলে রাতের বেলা কখনো এমন সময় অতিবাহিত হয়নি যখন তাঁর পরিবারের কেউ না কেউ সালাতে দন্ডায়মান থাকেননি। আল্লাহ তাঁদের এ বিষয়টি নিম্নোক্ত আয়াতে অন্তর্ভুক্ত করেছেন দাউদ পরিবার! কৃতজ্ঞ হও; আমার দাসদের অল্প অংশই কৃতজ্ঞ। (সূরা সাবা ১৩)।
লেখক : চেয়ারম্যান : বাংলাদেশ মুফাসসির সোসাইটি, পীরসাহেব আউলিয়ানগর।
www.selimsazadi.com
