বরকতময় রাত শবেবরাত| মাওলানা সেলিম হোসাইন আজাদী

মাওলানা সেলিম হোসাইন আজাদী | সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 625 বার

বরকতময় রাত শবেবরাত| মাওলানা সেলিম হোসাইন আজাদী

আল্লাহপাক বলেন, ‘ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররকা বিরাব্বিকাল কারিম। অর্থ, হে আমার পথহারা বান্দা! কিসে তোমাকে আমার মতো মমতাময় প্রভুর কথা ভুলিয়ে রাখল!’ ‘ফা আইনা তাজহাবুন। অর্থ, প্রেমময় প্রভুর দয়ামায়া উপেক্ষা করে কোথায় ছুটছ তোমরা হে মানুষ!’ এভাবে বান্দাকে ডাকার পরও অনেক বান্দাই ভুলে থাকে প্রভুর প্রেম মায়াকে। এসব আল্লাহ-ভোলা বান্দাদের জন্য আসে লাইলাতুল বরাত। বান্দার মনে প্রেম জাগিয়ে আল্লাহপ্রেমিক বান্দা হিসেবে তৈরি করার জন্য। লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী উপমহাদেশে শবেবরাত বা ভাগ্যরজনী নামে পরিচিত। হাদিসের কিতাবগুলোতে এ রাতের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, ‘সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই আল্লাহপাক পৃথিবীর কাছাকাছি আকাশে নেমে আসেন। বান্দাদের দিকে দয়ার নজর দিয়ে তাকান। যারা তার সঙ্গে কোনো কিছুর শরিক করেনি এবং কোনো মানুষের প্রতি বিদ্বেষভাব রাখে না-তাদের আল্লাহপাক ক্ষমার চাদরে ঢেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দেন।’ (ইবনে মাজাহ)। অন্য একটি হাদিসে হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ‘এক রাতে ঘুম ভাঙার পর দেখি নবীজী (সা.) বিছানায় নেই। আমি তাকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি কবরস্থানে চলে আসি। দেখি নবীজী (সা.)  মোনাজাতরত অবস্থায় আছেন। মোনাজাত শেষে তিনি আমাকে দেখে বলেন, আয়শা! তুমি কি জান আজ কোন রাত? আজ হলো মধ্য শাবানের রাত। এ রাতে আল্লাহতায়ালা পৃথিবীর কাছাকাছি আকাশে অবস্থান করেন। তুমি শুনলে অবাক হবে আয়শা! বনি কালব গোত্রের যত বকরি আছে, ওই বকরিগুলোর গায়ে যত লাখ-কোটি পশম আছে এই পরিমাণ গুনাহগার বান্দাকে আল্লাহতায়ালা ক্ষমা করে দেন এই বরকতময় রাতের উসিলায়।’ (তিরমিজি)

এমনিভাবে এ রাতের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায়। সব হাদিসের মূল কথা একটাই, এ রাতে আল্লাহতায়ালা ক্ষমার ডালি নিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকেন। তাকিয়ে থাকেন রিজিকের ভাণ্ডার নিয়ে। সুস্থতার মতো মূল্যবান নেয়ামত নিয়ে ডাকতে থাকেন প্রেম ও মমতাভরে। আমাদের মধ্যে যাদের অভাব-অনটন লেগেই আছে, আছে অসুস্থতার মতো সুখ নষ্ট করা যন্ত্রণা— এ রাতটি আমাদের জন্য হতে পারে অলৌকিক কোনো শেফার রাত।

লেখক : বিশিষ্ট মুফাসিসরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

www.selimazadi.com

লেখাটি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ হয়েছে দেখতে  চাইলে এখানে ক্লিক করুন…..

মন্তব্য...

comments

কে. আর প্লাজা (১২ তলা) ৩১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০২-৯৫১৫৬৪৬, মোবাইল: ০১৭১৮৭৭৮২৩৮, ০১৯৬৫৬১৮৯৪৭
ইমেইল- mawlanaselimhossainazadi1985@gmail.com
ওয়ের সাইট: selimazadi.com