মাওলানা সেলিম হোসাইন আজাদী
রোজার আগে আগে প্রতিবারই আমরা ব্যবসায়ীদের উদ্দেশে নসিহত করি, পত্রিকায় লেখালেখি হয়, খুতবায় আলোচনা হয়, কিন্তু বেশির ভাগ ব্যবসায়ীর মাঝে কোনো পরিবর্তন দেখা যায় না। দ্রব্যমূল্যের আগুন দাম তো আছেই, সঙ্গে আছে ভেজাল খাবারের আজাব। ও আমার ব্যবসায়ী ভাই! কী অপরাধ করেছি আমরা। ১০ টাকার জিনিস ৫০ টাকায় বিক্রি করছো, নিরাপদ খাবারটাই দাও আমাদের। কেন আমাদের তোমরা ভেজাল খাওয়াচ্ছো। গতবার একটা লেখায় বলেছিলাম, হে ব্যবসায়ীবৃন্দ! এই যে রোজাদারদের কষ্ট দিয়ে সম্পদের পাহাড় গড়ছো, এত সম্পদ দিয়ে কী হবে? চোখ বুজলেই তো অন্ধকার কবর। যাদের জন্য আমাদের ঠকিয়ে তুমি পয়সা কামাচ্ছো, তারা কি তোমার কবরের জবাব দেবে? ফেরেশতারা যখন তোমাকে নির্মমভাবে শাস্তি দেবে তখন কি তোমার বাবা-মা, স্ত্রী-সন্তান গিয়ে তোমাকে রক্ষা করবেন? হে আমার ব্যবসায়ী ভাই! সবচেয়ে নির্মম কথা কী জান? কাফনের কিন্তু পকেট নেই। একটা ফুটো পয়সাও তোমার সঙ্গে দেওয়া হবে না। তাহলে কেন ফজিলতের মাস রমজানকে তুমি জাহান্নাম কামানোর মাস হিসেবে নিচ্ছো? হে আমার ব্যবসায়ী ভাই! তুমি কি শুননি রসুল (সা.) এর সেই বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন, ‘যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে কষ্ট দেওয়ার নিয়তে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে, মজুদ করে তাদের ওপর আল্লাহর লানত’ (মিশকাত)। আল্লাহর লানত মানে কী বুঝ? তোমার ওপর থেকে সব ধরনের রমহত যেন সরে যায়। চিন্তা করো! একজন কাফেরের ওপরও কিন্তু আল্লাহর রহমত আছে। তাই বলেই তো সে দুনিয়াতে এত সুন্দরভাবে বসবাস করতে পারছে। তোমার ওপর থেকে যদি একবার আল্লাহতায়ালা রহমতের চাদর তুলে নেন, কোথায় যাবে তুমি? যেখানেই যাবে সেখানেই দূর দূর করে তাড়া খাবে। ঘরে তোমার শান্তি থাকবে না। এই যে তোমার আমার বসবাসের এ শহরটি দিন দিন বসবাস উপযোগিতা হারাচ্ছে, এটা কি খোদার গজব নয়? শহরই যদি না থাকে, বসবাসই যদি না করা যায়, তাহলে কী হবে তোমার ব্যবসার? কী হবে ব্যাংকের কাঁড়ি কাঁড়ি টাকার?
হ্যাঁ! তোমার হাতে সব নিয়ন্ত্রণ নেই। আল্লাহ এটা ভালো করে জানেন। কিন্তু যতটুকু আছে ততটুকই কি তুমি সুব্যবহার করছ কি না এই জবাব নেবেন আল্লাহতায়ালা। প্রতিবারই দেখা যায়, কোনো একটা জিনিসের দাম বেড়েছে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা ওই পণ্যের দাম বাড়িয়ে দেন। অথচ এটা তার কেনা পড়েছে কম মূল্যে। আবার কোনো পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে সেটার দাম ব্যবসায়ীরা কমান না। বলেন, আমার বেশি দামে কেনা আছে। নতুন চালান এলে তারপর কম দামে বিক্রি করতে পারব। এই যে চালাকি, আল্লাহ কি এটা ধরতে পারবেন না? এর কি কোনো বিচার হবে না? আসলে আমাদের দায়িত্ব সতর্ক করা, হেদায়াতের মালিক আল্লাহ। হে আল্লাহ! আমার ব্যবসায়ী ভাইদের সহি বুঝ দান করেন। আমিন।লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি, পীরসাহেব, আউলিয়ানগর
লেখাটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে দেখতে চাইলে এখানে ক্লিক করুন…
